,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে

ভোরের সংলাপ ডট কম :
April 8, 2022
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চমৎকার দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আগামীতে তা আরও জোরদার হবে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেরিত শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে পড়ে শোনান ড. মোমেন। এ সময় জো বাইডেনের চিঠির ভাষ্যের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন লিখেছেন, ‘৪ এপ্রিল আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বাংলাদেশের মানুষের সর্বাত্মক প্রচেষ্টা, দেশকে সমৃদ্ধ করা, উদ্ভাবনী কর্মপ্রচেষ্টায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেলে পরিণত হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সাথে বলেছেন- বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের সম্পর্ক আগামী ৫০ বছরে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এরপর কনসুলেটে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফিতা কেটে কনসুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন মিয়ামিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। অনুষ্ঠানে মিয়ামির বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।